বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০০৯

অরণ্যে রোদন


আমার একটা দোষ আছে। আমার একলা রাস্তায় হাটতে খুব ভাল লাগে।

ছোটবেলায় পাড়ার মধ্যেই এখানে সেখানে ঘুরে বেরাতাম। মানুষ দেখতাম। একটা মন্দির ছিল সেখানে যেয়ে পূজা দেখতাম, একটা পুকুর ও ছিল তার পাশে, খুব ভাল লাগত ঘুরে ঘুরে বেড়াতে আর বিভিন্নরকম মানুষের বিভিন্ন জীবনযাত্রা দেখতে। আমাকে কে দেখছে সেটা কখনো খেয়াল করিনি। এটা একটা খারাপ কাজ হয়ছে।

খুব ভোর বেলা প্রাইভেট পড়তে যেতাম যখন সেই ঠান্ডা আর চকচকে পরিষ্কার ভোরে হেটে হেটে যেতে খুব ভাল লাগত। কিন্তু আমার নিশ্চয়ই কাজটা ঠিক হয়নি। রিকশা বাদ দিয়ে ওরকম নির্জন রাস্তায় হেটে যাওয়ার মত ভুল আমি কিভাবে করলাম!

একবার ফুপুর সাথে ঈদের আগে মার্কেটে গিয়েছিলাম, ফুপু আমাকে একটা মালা আর কানের দূল এর সেট কিনে দিবেন বলে। কিন্তু আমার তো বোঝা উচিত ছিল ঈদের আগে মার্কেতে কিরকম ভীড় হয়। আমার মালা কানের দূলের শখ করা ঠিক হয় নাই একদম।

সেদিন সন্ধায় কোচিং সেন্টার এ ডেমো ক্লাস করতে হল। উফ কি যে গরম ছিল সারাদিন, চিটচিটে আবহাওয়া। সন্ধায় ফেরার সময় দেখি কোত্থেকে মেঘ করল তারপর কি সুন্দর ঠান্ডা বাতাস। অফিস ফেরত লোকের সাথে পাল্লা দিয়ে ঠিক বাসার সামনে নামিয়ে দিয়ে যাওয়া বাস এ উঠতে পারলাম না। এক স্টপেজ দুরের বাস এ উঠলাম। যখন বাস থেকে নামলাম তখন দারুন ঠান্ডা হাওয়া, বৃষ্টি শুরু হয়নি। ভাবলাম এই চমত্কার গা জুড়ানো বাতাসে আরও কিছুক্ষন থাকি, তাই আর রিকশা না নিয়ে হেটেই রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। মাঝে বৃষ্টিও শুরু হয় গেল তখন আরেকবার ভাবলাম রিকশা নেয়া দরকার এবার। দুইজন রিকশাআলাকে বলে দেখলাম তারা বেশি ভাড়া দূরে থাক যেতেই চাইল না এত কাছের দূরত্ব। তাই আর চেষ্টা না করে আবার হাটা দিলাম। আর জানেন খুব ভালও লাগছিল এরকম ঝুম বৃষ্টিতে হাটতে। কিন্তু আমার কি এই কাজটা করা ঠিক হল, এরকম হাটতে চাওয়া কি আমাকে মানায়?


আমার তো মনে রাখা উচিত ছিল আমি একটা মেয়ে!

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০০৯